রা জ শা হী র আ লোঃ – চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় মজনু রহমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মজনু আজমতপুর ঝাইপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘরের ওপরের একটি সজনে গাছ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সকালে মজনু ওই গাছের ডাল কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় আহত হন এক নারীসহ দুজন। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মো. রাজন (২৮) নামের এক যুবককে এক মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ। মো. রাজন উপজেলার দুলাহার গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। আদালত সূত্র জানায়, স্কুল থেকে ফেরার পথে ভোলার মোড় এলাকায় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন করেন রাজন।
স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। এরপর নাচোল থানার ওসি মিন্টু রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বলেন, স্কুলফেরত ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে রাজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
