আলো রাজনীতি ডেস্ক: উন্নয়নের নামে দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বলেছেন তিনি অনেক উন্নয়ন করেছেন।
আপনাদের ধরে নিতে হবে প্রধানমন্ত্রী এসব বলার পরই দ্রব্যমূল্যর দাম বেড়ে যাবে। এই হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে প্রধানমন্ত্রী। জনগণ খেতে না পেয়ে বাঁচলো কি মরলো এর কোনো তোয়াক্কা করে না। তিনি আরও বলেন, এরা সেই আওয়ামী লীগ যখন মানুষ খেতে না পেয়ে ফুটপাথে কাতরাচ্ছে, তখন তারা দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে। এটাই তাদের ঐতিহ্য।
বিএনপির আন্দোলন-সংগ্রামকে বাঁচা-মরার সংগ্রাম আখ্যা দিয়ে রিজভী বলেন, এই সরকার অনেক কিছুই হত্যা করেছে। এরা গণতন্ত্র, গণতন্ত্রের মৌলিক অধিকার এবং মানুষের কথা বলার স্বাধীনতাকে হত্যা করেছে। এরা হত্যা ও রক্তক্ষরণ ছাড়া কিছুই পারেনি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, অন্যায়-অবিচার নিশ্চিত করতেই গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে।
তার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তার সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পর্ক নাই। প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফর নিয়ে রিজভী বলেন, মানুষ অনেক কথা বলাবলি করছে, হঠাৎ করে কেন তিনি সেখানে গেলেন? মানুষ কিন্তু সব বোঝে। এই উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে।
এসময় মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকের এই আন্দোলন মানুষের বেঁচে থাকার অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। তাই এটিকে আরও তীব্রতর করতে হবে। এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় অন্যান্যের মধ্যে অংশ নেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
