আলো সা রা দে শ ডেস্ক: নেত্রকোনায় মহাসড়কের সাকোয়া বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে তারিকুল (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাকুয়া বাজার সংলগ্ন এলাকায় সড়কের পাশে সিমেন্টবাহী একটি বিকল ট্রাক চাকা মেরামত করছিল।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ডিম পরিবহনকারী দ্রুতগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পিছনে ধাক্কা দেয়।
এতে পিকআপভ্যানে থাকা দুইজন ঘটনাস্থলে মারা যান। এ সময় আহত হয়েছেন আরও একজন। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার এবং ট্রাক ও পিক-আপভ্যান আটক করেছে।
