আলো রাজনীতি ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের মানুষের সার্বিক নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা নেই, সড়কে বের হলে জীবনের নিরাপত্তা নেই, স্বামী ও সন্তান নিয়ে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হচ্ছেন নারী, ইজ্জতের নিরাপত্তা নেই। তিনি বলেন, নিজের ঘরেও মানুষের নিরাপত্তা নেই।
এখন নিজের জমিতে ঘর তুলতেও চাঁদা দিতে হয়। মানুষ জানে না, কার কাছে গেলে কী সমাধান পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভার উদ্বোধনী বক্তৃতায় জাতীয় তিনি এসব একথা বলেন। জিএম কাদের বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।
দেশের কোথাও জবাবদিহি নেই। পরতে পরতে দুর্নীতি ছেয়ে গেছে, প্রতিদিনই দুর্নীতি বাড়ছে, দেখার যেন কেউ নেই। এভাবে চলতে পারে না। দেশের মানুষ এমন পরিস্থিতি থেকে মুক্তি চায়। তিনি আরও বলেন, রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিশ্ব দুই ভাগ হয়ে পড়েছে। যুদ্ধের জন্য অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের এই বিরূপ প্রভাবের ঢেউ বাংলাদেশের রাজনীতিতেও লেগেছে।
তাই দেশের রাজনীতি কোন পথে যায়, নিশ্চিত করা বলা যায় না। জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, দেশের বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। দুর্নীতি, দুঃশাসন আর সরকারি দলের কর্মীদের অত্যাচারে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকার বলে অনেক উন্নয়ন করেছে, অথচ টাকা দিয়ে টিকিট কিনে মানুষ গণপরিবহনে উঠতে পারে না।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ।
