আলো রাজনীতি ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার মরতে রাজি, ক্ষমতা ছাড়তে রাজি না। কিন্তু যত বড় দলই হোক এককভাবে স্বৈরশাসন কায়েম করে টিকতে পারে নাই। ভালোয় ভালোয় বিদায় না নিলে ঝেটিয়ে বিদায় করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
‘উত্তাল মার্চ-১৯৭১ সাল’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সভায় আরো বক্তব্য দেন ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।
আ স ম রব বলেন, পারলে সরকার দেশের নামটাই পাল্টে ফেলে। কারো অবদান স্বীকার করা হয় না। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে সেসব মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডারদেরও সম্মান দিচ্ছে না।
রব বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস এই সরকারের আগে কেউ এত বিকৃত করেনি। মানুষ হত্যা করেছে। মিথ্যা কল্পকাহিনী দিয়ে সত্য ইতিহাস বিকৃত করছে। মুক্তিযুদ্ধ নিয়ে আর কত ব্যবসা করবেন। আপনারা প্রতি সেকেন্ডে শেখ মুজিবুর রহমানকে হত্যা করছেন। তিনি যা বলেননি তাও বলানোর চেষ্টা করা হয়েছে। প্রজাতন্ত্রকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে রব বলেন, খালেদা জিয়াকে চিকিৎসা করার সুযোগ দেননি। তাকে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আসলে তাকে ভয় পায়।
জাতীয় সরকারের কথা তুলে তিনি আরও বলেন, সরকারকে ক্ষমতা থেকে সরাতে আন্দোলন করতে হবে। এককভাবে নয়, সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে নির্বাচন করতে হবে।
তিনি বলেন, আন্দোলনে নেতৃত্বদানকারী দলের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করতে হবে। আন্দোলনে থাকা সবাইকে নিয়ে সে সরকার গঠিত হবে।
