আলো সা রা দে শ ডেস্ক: দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০০ জনে।
উল্লেখিত সময়ে দেশে নতুন করে ৩২৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে দেশে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৩২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি হিসাবে সেরে উঠেছেন দুই হাজার ৪৯৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১৮ লাখ ৫৫ হাজার ২৫৪ জন সুস্থ হয়েছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
