আলো সা রা দে শ ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে একটি ওয়ার্কশপে অভিযান চালিয়ে মালিককে অস্ত্রসহ গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার জানান, উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া নতুনপাড়া থেকে গত বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- নতুনপাড়ার লুৎফর রহমানের ছেলে বেলাল হোসেন (৪৫) ও গাইবান্ধার আবদুর রহিম ব্যাপারীর ছেলে ওয়ার্কসপ মালিক লিটু ব্যাপারী (৪০)। লিটু বওড়া নতুনপাড়ায় একটি বাসায় ভাড়া থাকেন।
এসআই বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে প্রথমে বেলালকে আটক করা এবং তার শরীরে তল্লাশি করে দেশীয় তৈরি একটি লোহার পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যে ওই এলাকার ওয়ার্কশপ মালিক লিটুকে আটক করা হয়। পরে ওয়ার্কশপে তল্লাশি চালিয়ে আরেকটি পাইপগান ও অস্ত্র তৈরীর বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়।
লিটু দীর্ঘদিন ধরে ওয়ার্কশপ পরিচালনার পাশাপাশি বেলালকে সঙ্গে নিয়ে গোপনে দেশীয় অস্ত্র তৈরি ও অস্ত্র বিক্রি করে আসছিল বলে জানান খোকন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন গতকাল শুক্রবার আদালতে হাজির করার কথা রয়েছে।
