আলো সা রা দে শ ডেস্ক: রাজধানীসহ দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা বেড়েছে, আবার কোথাও কোথাও কমেছে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। গত মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। একদিনে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
গতকাল বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
