রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদে চুরি হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) মধ্যরাতে পরিষদের ৩টি কক্ষের হেজবুন কেটে তালা ভেঙ্গে একটি ল্যাপটপ, একটি মোবাইল ও দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার (১ মার্চ) মধ্যরাতে তালা কেটে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে ও হিসাবরক্ষকের রুমে ঢুকে দুর্বৃত্তরা। পরে টেবিল ভেঙে সেখান থেকে টাকা নিয়ে যায়।
ওই ইউনিয়নের নাইট গার্ড গ্রামপুলিশ দফাদার রজব আলী বলেন, মঙ্গলবার (১ মার্চ) মধ্যরাতে চেয়ারম্যানের ঘরে টিভি দেখছিলেন তিনি। ঘন্টাখানেক পর ঘর থেকে বের হওয়ার সময় লক্ষ্য করে বাহির থেকে দরজা বন্ধ করা। তিনি তাৎক্ষণিক পার্শ্ববর্তী বাড়ির বাদলকে ফোন দেন। বাদল এসে দরজা খোলার পর পরিষদের ডিজিটাল সেন্টার কক্ষ, হিসাবরক্ষকের কক্ষ, সচিবের কক্ষের তালা ভাঙা দেখে তিনি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন।
স্থানীয় জনগণ জানান, বিষয়টি যত দ্রুত সম্ভব এর সমাধান করা উচিত। আসল দোষীকে সকলের সামনে এনে শাস্তি দেয়া হোক এমনটাই সকলের চাওয়া। যদি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ পাহারাদার থাকার পরও এভাবে চুরি হয়। তাহলে সাধারণ জনগনের নিরাপত্তা কোথায়, এ নিয়েও অনেকে আতংকিত।
এদিকে হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ভোর ৫টার পর মোবাইল ফোন এর মাধ্যমে জানতে পারি চুরির ঘটনা। তারপর থানা পুলিশকে বিষয়টি অবহিত করি।
এ ব্যাপারে কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পরিষদে গিয়ে ফিঙ্গার প্রিন্ট ও আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি ল্যাপটপ, একটি মোবাইল ও দেড় লাখ টাকা চুরির একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
