আলো রাজনীতি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের দুর্নীতি লুটপাটের কারণেই দেশে দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে। মেগা প্রজেক্টের নামে দেশে চলছে মেগা দুর্নীতি। গতকাল মঙ্গলবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
দুপুরে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির কার্যালয়ের সামনের এ বিক্ষোভ সমাবেশে দলের স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন। এসময় গয়েশ্বর বলেন, এ নির্বাচন কমিশন দিয়ে চক্রান্ত করে আবারও ক্ষমতায় যাওয়ার আশা সরকারের পূরণ হবে না। সুষ্ঠু ভোট করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন কমিশনকে ইস্তফাপত্র তৈরি করে বঙ্গভবনে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই সরকারের সঙ্গে সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনকেও বিদায় নিতে হবে। কারণ নির্বাচনকালীন সরকারই কেবল নির্বাচন কমিশন গঠন করবে। গয়েশ্বর বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে, এটা যারা বিশ্বাস করে তারা পাগল।
তাদের পাগলা গারদে পাঠাতে হবে। এ সময় ড. জাফরুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন. যিনি এই নির্বাচন কমিশনকে সার্টিফিকেট দিয়েছেন, তিনি কখনও নির্বাচন করেন না। তারও চিকিৎসা দরকার। বর্তমান নির্বাচন কমিশন দিয়ে চক্রান্ত করে আবারও ক্ষমতায় যাওয়ার আশা সরকারের পূরণ হবে না। সুষ্ঠু ভোট করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে।
বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। বক্তব্য রাখেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার শিরিণ, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান ও মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শুরুর আগে থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা সরকার পতনের স্লোগান দিতে দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে যে কোন ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তৎপর ছিল।
