আলো জা তী য় ডেস্ক: রাজধানীর ডেমরায় একটি বাড়ির প্রধান দরজা ভাঙে ডাকাত দল। এরপর ভেতরে প্রবেশ করে কাঠের দরজা ভাঙা হয়। এ সময় ওই পুলিশ কর্মকর্তাসহ তার পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা।
প্রায় ৪০ মিনিট বাসার ভেতর অবস্থান করে সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করে চলে যায় তারা। রোববার গভীর রাতে ডেমরা বালুর মাঠের ছোটপাইটি এলাকায় এ ঘটনা ঘটলেও বিষয়টি জানা গেছে গতকাল মঙ্গলবার।
ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার নাম আজিজুল হক সুমন। তিনি যাত্রাবাড়ী থানার এসআই। স্ত্রী ও এক ছেলে নিয়ে ওই বাড়িতে থাকেন। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ওসি মো. নাসির উদ্দিন।
এ ঘটনায় এসআই আজিজুল হকের স্ত্রী ফারজানা আফরোজ বাদী হয়ে ডেমরা থানায় ডাকাতি মামলা করেছেন।
ওসি নাসির উদ্দিন বলেন, একজন পুলিশ কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনা আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আপাতত মনে হচ্ছে এটি ডাকাতি। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
