রা জ শা হী র আ লোঃ – নাটোরে ভাড়া বাসা থেকে পৌর কাউন্সিলরের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের দক্ষিণ বড়গাছা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পলি খাতুনের (৩০) বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায়। তিনি নলডাঙ্গা পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
সদর থানার ওসি মনছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পলি রাজশাহী ল’ কলেজ থেকে ফাইনাল পরীক্ষা শেষে ইন্টার্নশিপের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ওই ভাড়া বাসায় তার ভাগনিকে নিয়ে থাকতেন।
গত সোমবার রাতে তিনি স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলে ঘুমাতে যান। গতকাল মঙ্গলবার সকালে তার ভাগনি (২৬) তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের ফোনে বিষয়টি জানায়।
তারা এসে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে পলির লাশ ঝুলতে দেখে। তার বাবা কাশেম লাশ নামান। কাউন্সিলর পিয়াস বলেন, পাঁচ বছর আগে আমরা ভালোবেসে বিয়ে করি। এতদিন পর এসে পলির মা-বাবা তার অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছিলো।
আমাদের মধ্যে বনিবনা ঠিক ছিল। তবে পলি তার মা-বাবার বিষয়টি নিয়ে মানসিক অশান্তিতে ছিল। রাতেও এ বিষয়ে কথা হচ্ছিল। ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
