আলো সা রা দে শ ডেস্ক: টেকনাফে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম আইস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড, যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আবদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোর আনুমানিক পৌনে ৩টার দিকে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফের সাবরাং কাটাবুনিয়ায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সাগর পার হতে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ কর্তৃক ওই ব্যক্তিকে থামার সংকেত দেয়।
এসময় কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে লোকটির হাতে থাকা ব্যাগটি ঝাউ বাগানে ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যায় বলে জানান লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা।
তিনি বলেন, ‘পরবর্তী সময়ে ঝাউ বাগান তল্লাশি করে একটি কালো রঙের ব্যাগে ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।’ জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
