রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও একজনের। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকাল ৯টা থেকে গতকাল শনিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় মারা যাওয়া রোগী রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগী নাটোর জেলার বাসিন্দা। এদের একজন নারী এবং একজন পুরুষ। দু’জনেরই বয়স ৬১ বছরের ওপরে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। দু’জনই হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ড এবং কেবিনে ভর্তি ছিলেন।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৫ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৬ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই একদিনে সুস্থ হয়ে কোনো রোগী হাসপাতাল ছেড়ে যাননি।
বর্তমানে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর ৬ জন, নাটোরের একজন, পাবনার ৩ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
