আলো জা তী য় ডেস্ক: জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) প্রণয়নে বেসরকারি খাতের অংশ নেওয়ার বিষয়ে চিন্তা করছে সরকার। এজন্য গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে এক মতবিনিময় সভা হয়েছে।
সভায় ন্যাপ প্রক্রিয়ায় বেসরকারি খাতের সম্পৃক্ততার সুযোগ এবং সম্ভাব্য প্রতিবন্ধকতার বিষয়ে বিশেষজ্ঞরা মত ও সুপারিশ দিয়েছেন। কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন বলেন, জাতীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নকালে সংশ্লিষ্ট বেসরকারি খাতগুলোকে অন্তর্ভুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি এ সময় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলোকে জনস্বার্থে জলবায়ু অভিযোজন কর্মকাণ্ডে এগিয়ে আসার আহবান জানান। কর্মশালায় সভাপতিত্ব করেন ন্যাপ প্রণয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ-এর নির্বাহী পরিচালক ড. আতিক রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব অমল কৃষ্ণ মন্ডল এবং পরিবেশ অধিদফতরের পরিচালক সৈয়দা মাছুমা খানমসহ অন্যরা।
