আ লো স্পো র্ট স ডে স্ক : ডাবল রবিন রাউন্ড লিগ শেষে পাকিস্তান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল মুলতান সুলতানস ও দ্বিতীয় স্থানে ছিল লাহোর কালান্দর্স। কোয়ালিফায়ার, এলিমিনেটর শেষে ফাইনালেও এই দুই দল। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
লিগপর্বে ১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট অর্জন করেছিল মোহাম্মদ রিজওয়ানের মুলতানের। অন্যদিকে সব কটি ম্যাচ শেষে শাহিন শাহ আফ্রিদির লাহোরের পয়েন্ট ছিল ১২। শুক্রবার দ্বিতীয় এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে লাহোর। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল দলটি।
ইসলামাবাদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে স্বাগতিক দল। দলের পক্ষে ২৮ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আব্দুল্লাহ শফিক। শেষের দিকে মাত্র ৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড ভিসা।
এদিকে মোহাম্মদ হাফিজ ২৮ বলে ২৮ ও সামিত প্যাটেল ১৮ বলে ২১ রান করেন। ইসলামাবাদের পক্ষে লিয়াম ডওসন ও মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে আজম খানের ২৮ বলে ৪০ ও অ্যালেক্স হেলসের ২৯ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে জয়ের পথেই হাঁটছিল ইসলামাবাদ।
শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২২ রান। তবে লাহোরের বোলারদের নৈপুণ্যে এই ১৮ বলে ইসলামাবাদের ব্যাটাররা তুলতে পারে মাত্র ১৫ রান। বিপরীতে তিন ওভারে লাহোরের বোলাররা তুলে নেয় চার উইকেট। ভিসার করা শেষ ওভারে প্রয়োজন ছিল আট রান।
কিন্তু সেই ওভারে চার বল খেলে অলআউট হওয়ার আগে এক রানের বেশি নিতে পারেনি ইসলামাবাদ। শেষপর্যন্ত ১৯.৪ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায় ইসলামাবাদ ইউনাইটেড। লাহোরের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন অধিনায়ক শাহিন আফ্রিদি, জামান খান ও হারিস রউফ। ম্যাচসেরা হয়েছেন ডেভিড ভিসা।
