আ লো স্পো র্ট স ডে স্ক : ওপেনার সারেল ইরউইর সেঞ্চুরির পর বোলারদের নৈপুণ্যে শনিবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে দক্ষিণ আফ্রিকাই। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৬৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৫৭ রান করেছে নিউজিল্যান্ড। ফলে ৫ উইকেট হাতে নিয়ে এখনও ২০৭ রানে পিছিয়ে কিউইরা।
ইরউই’র ১০৮ রানের সুবাদে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৩৮ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেয়নি নিউজিল্যান্ডের বোলাররা। বাকী ৭ উইকেটে ১২৬ রানের বেশি তুলতে পারেনি প্রোটিয়ারা। রাসি ভ্যান ডার ডুসেন ১৩ ও তেম্বা বাভুমা ২২ রান নিয়ে দিন শুরু করেছিলেন।
ডুসেন ৩৫ ও বাভুমা ২৯ রান করে ফিরেন। মিডল-অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও, লোয়ার-অর্ডারে মার্কো জানসেনের অপরাজিত ৩৭ ও কেশব মহারাজের ৩৬ রানের কল্যাণে সাড়ে ৩শর বেশি স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। ১৩৩ ওভারে ৩৬৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের ওয়াগনার ১০২ রানে ৪টি ও ম্যাট হেনরি ৯০ রানে ৩ উইকেট নেন।
নিজেদের ইনিংস শুরু করেই দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ড। ৯ রানের মধ্যে কিউইদের দুই ওপেনারকে বিদায় দেন রাবাদা। অধিনায়ক টম লাথাম ০ ও উইল ইয়ং ৩ রান করে ফিরেন। শুরুর ধাক্কা সামাল নিলেও নিউজিল্যান্ডের মিডল-অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। তাই ১শ রানের আগে আরও ৩ উইকেট পড়ে নিউজিল্যান্ডের।
ডেভন কনওয়ে ১৬ ও হেনরি নিকোলস ৩৯ রান করে জানসেনের শিকার হন। আর টম ব্লান্ডেলকে ৬ রানে বিদায় দেন রাবাদা। ৯১ রানে ৫ উইকেট পতনের পর দিনের শেষভাগে আর কোন বিপদ হতে দেননি ড্যারিল মিচেল ও কলিন ডি গ্র্যান্ডহোম।
দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চড়াও ছিলেন গ্র্যান্ডহোম। ৬১ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৪ রানে অপরাজিত আছেন গ্র্যান্ডহোম। মিচেল অপরাজিত আছেন ২৯ রানে। দক্ষিণ আফ্রিকার রাবাদা ৩টি ও জানসেন ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) : ৩৬৪/১০, ১৩৩ ওভার (ইরউই ১০৮, মার্করাম ৪২, ওয়াগনার ৪/১০২)।
নিউজিল্যান্ড(প্রথম ইনিংস) : ১৫৭/৫, ৪৫ ওভার (গ্র্যান্ডহোম ৫৪*, নিকোলস ৩৯, রাবাদা ৩/৩৭)।
