রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। অন্যজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। এই দুজনই রাজশাহী জেলার বাসিন্দা।চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে গতকাল শুক্রবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
দুজনই হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন। এই দুজনই পুরুষ। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩০ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে ২ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২১টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলার ১২৩টি নমুনা পরীক্ষায় ১২টিতে করোনা ধরা পড়ে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ২৫ শতাংশ।
