আলো সা রা দে শ ডেস্ক: কিশোরগঞ্জ সদর উপজেলার মাথিয়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ছোটন মিয়া (১৮) নামে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যাত্রী।
গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেন। নিহত ছোটন একই জেলার কটিয়াদী উপজেলার ধুলদিয়া রায়খলা এলাকার মিলন মিয়ার ছেলে।
আহত ব্যক্তির নাম আকরাম (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরের দিকে অটোরিকশায় যাত্রী নিয়ে কিশোরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন ছোটন। পথে মাথিয়া এলাকায় এলে অটোরিকশাটিকে ইটবাহী একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে চালক ছোটন ও যাত্রী আকরাম গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছোটনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ দাউদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
