আলো জা তী য় ডেস্ক: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন রেজিস্ট্রার হিসেবে কাজে যোগ দিয়েছেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ ব্যারিস্টার মেছবাহ উদ্দিন আহমেদ।
গতকাল বুধবার সকালে তিনি নিজ কার্যালয়ে আসেন ও দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অমিত কুমার দে, গৌতম মল্লিক, সিনিয়র ল রিসার্চ কর্মকর্তা শাহিন আক্তার, সিনিয়র ল রিসার্চ কর্মকর্তা শেখ সাদী রহমান ও তাহেরা আনোয়ার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
৯ ফেব্রুয়ারি মেছবাহ উদ্দিন আহমেদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহাবুবের সই করা প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়। গত ৩০ সেপ্টেম্বর আগের রেজিস্ট্রার ও জেলা জজ মো. সাইদ আহমেদ অবসরে যান।
