আলো সা রা দে শ ডেস্ক: নোয়াখালীর চাটখিলের হাটপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে পুলিশের উপপরিদর্শক (এসআই) রমজান আলীর বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এ ঘটনা ঘটে।
সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে করোনার টিকা দিতে হাসপাতালে নিয়ে যাই। দুপুরে এসে দেখি আমার মোটরসাইকেলটি কে বা কারা নষ্ট করে রেখেছে।
সেটি চালু করতে চাইলে উপস্থিত এসআই রমজান আলী তা গেটের বাইরে নিয়ে যেতে বলেন। আমি গেটের বাইরে নিয়ে পুনরায় চালুর চেষ্টা করার সময় এসআই রমজান আলী আমাকে অকারণে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
বিষয়টি বিকেলে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
তবে অভিযুক্ত এসআই রমজান আলী বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় অনেক ভিড় লেগে যায়। সেটি নিরসনে ধাক্কাধাক্কিতে হয়তো শিক্ষকের গায়ে লেগেছে। চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
