আলো সা রা দে শ ডেস্ক: যশোরের মণিরামপুরে ধানক্ষেতে জাহানারা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর-জামলা রাস্তার পাশের একটি মাঠের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা কেউ তাকে হত্যা করে লাশ মাঠে ফেলে রেখে গেছে। নিহত জাহানারা উপজেলার জয়নগর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের স্ত্রী। তার বাবার বাড়ি শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামে।
তিনি ওই গ্রামের মৃত এরশাদ বিশ্বাসের মেয়ে। যেখানে তার লাশ উদ্ধার হয়েছে তা ওই নারীর বাবার বাড়ির এলাকা। আগরহাটি এলাকার ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, জাহানারার বাবার বাড়ি আমার এলাকায়। মণিরামপুর বাজারের পাশে জয়নগরে তার স্বামীর বাড়ি।
গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা ওই নারীকে মোটরসাইকেল থেকে সুন্দলপুর বাজারে নামতে দেখেছেন। জাহানারার মা রাশিদা বেগম বলেন, এক-দেড় মাস হবে মেয়ে আমাদের বাড়ি আসে না।
কী করে আজ ওর লাশ এখানে এসেছে বলতে পারবো না। মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, নিহতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
