রা জ শা হী র আ লোঃ – চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেলের সড়ক দুর্ঘটনার খবরে সেফালি বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুরে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কানসাট ধোবপুকুর এলাকার ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সেফালির ছেলে সুমনসহ তিনজন আহত হন। আহত সুমন বলেন, আমি সোনামসজিদ থেকে মাটিবোঝাই ট্রাক্টর নিয়ে কানসাটের দিকে যাচ্ছিলাম।
এ সময় কানসাটের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ খবর শুনে আমার মা সেফালি বেগম হার্ট অ্যাটাক করে মারা গেছেন। কিন্তু এ দুর্ঘটনার আমার তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
শিবগঞ্জ থানার এএসআই জাহাঙ্গীর আলম বলেন, বেলা পৌনে ১১টার দিকে কানসাট ধোবপুকুর এলাকার ট্রাকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ট্রাক্টর চালক সুমনসহ তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ খবর শুনে সুমনের মা হার্ট অ্যটাক করে মারা গেছেন।
