আলো রাজনীতি ডেস্ক: সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সময় খুব কম।
আমাদের অতি দ্রুত নিজেদের সংগঠিত করতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে। সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। যে আন্দোলনের মধ্য দিয়ে সত্যিকারভাবে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার করতে হবে।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন করার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দুর্নীতিতে দেশ ভরে গেছে। আজকে দুর্নীতি দমন কমিশনও দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা দুর্নীতির বিপক্ষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
এসময় আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে বল মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার মিথ্যা মামলায় গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না। চিকিৎসা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আহমেদ আজম, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।
