রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। তিনি পাবনা জেলার বাসিন্দা। অন্যজনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে। তিনি নাটোর জেলার বাসিন্দা।
চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকাল ৯টা থেকে গতকাল শনিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে তারা মারা যান।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। এদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। দু’জনেরই বয়স ৬১ বছরের ওপরে। করোনা ইউনিটের ২৯/৩০ নং ওয়ার্ডে তারা ভর্তি ছিলেন।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪০ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই একদিনে সুস্থ হয়ে কোনো রোগী হাসপাতাল ছেড়ে যাননি।
বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৬ জন, পাবনার ২ জন, চুয়াডাঙ্গার একজন, ঝিনাইদহের একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
