রা জ শা হী র আ লোঃ – নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিট ও হাঁসুয়ার কোপে মসজিদের ইমামসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার কুসুম্বা ইউপির কুসুম্বা ঠনঠনিয়া পাড়া গ্রামের মৃত লাইবোতুল্যাহ শেখের ছেলে মসজিদের ইমাম জাকারিয়া শেখ (৫৫) এবং এর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪৫)।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুসুম্বা ঠনঠনিয়া পাড়া এলাকায়। জমি দখলকে কেন্দ্র করে, একই এলাকার প্রতিবেশী মৃত ময়েন উদ্দিন শেখের ছেলে মমতাজ উদ্দিন (৫০) গংরা মারপিট করে তাদেরকে গুরুতর আহত করেন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় আহত জাকারিয়ার ছেলে জুবায়ের হোসেন ১১ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিপক্ষের লোকজনেরা দীর্ঘদিন থেকে আহত জাকারিয়া শেখের জমি দখলের চেষ্টা করে আসছিলেন। ঘটনার দিন দুপুরে কুসুম্বা মৌজার ৩১৮নং খতিয়ানের ২৩৮১-৮২ দাগের ৯৪ শতাংশ জমির পেঁয়াজ ফসল নষ্ট করে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে লাঠিসোটা ও হাসুয়া নিয়ে জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন।
এসময় জমির মালিক আহত জাকারিয়া তাদেরকে বাঁধা প্রদান করলে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে প্রতিপক্ষের মারপিটে রক্তাক্ত জখম হন তিনি। খবর পেয়ে স্ত্রী জান্নাতুল ফেরদৌস এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি ভাবে মারপিট করে গুরুতর জখম করেন। আহত জাকারিয়ার মাথায় ১৩ টি সেলাই এবং স্ত্রীর শরীরে হাড় ভাঙ্গা জখন লক্ষ্য করা গেছে ।
আহত জাকারিয়ার ছেলে জোবায়ের হোসেন জানান, তারা লোকজন নিয়ে জমি দখল করতে যায়। এসময় আমার বাবা বাঁধা দিলে হত্যার উদ্দেশ্যে আমার বাবা-মায়ের উপর হামলা করে তারা । সেই সাথে জমিতে প্রায় ৯০ হাজার টাকার পেঁয়াজ ফসল নষ্ট করেন। আমি বাবা-মাকে নিয়ে নিয়ে অসহায় অবস্থায় হাসপাতালে অবস্থান করছি। তারা এখনো বিভিন্ন মাধ্যমে আমাকেও মারার হুমকি দিচ্ছে। এঘটনায় সাথে জড়িতদের গ্রেফতারের দাবি করেন।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, ইমাম সাহেবকে মারপিটের ঘটনায় তার ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
