আলো সা রা দে শ ডেস্ক: দেশের সর্বনিম্ন তাপমাত্রার পারদ রেকর্ড হয়েছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। পরপর ৩ দিন এ রেকর্ড ধরে রেখেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল। ভোর থেকে কনকনে ঠান্ডা থাকলেও সূর্য ওঠার পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। সূর্যডোবার পর আবার বাড়তে থাকে শীতের তীব্রতা।
গতকাল শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী মো. আবুল কালাম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার ৯ দশমিক ৬ এবং গত শুক্রবার অনুরূপ ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেখানে।
তিনি আরও বলেন, গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলের পর ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস নিয়ে ‘দ্বিতীয়’ স্থানে ছিল রংপুর বিভাগের রাজারহাট।
আর ১০ দশমিক ১ ডিগ্রি সেলমিয়াস নিয়ে ‘তৃতীয়’ স্থানে ছিল একই বিভাগের তেঁতুলিয়া। গতকাল শনিবার সিলেট শহরতলীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপারিবর্তিত থাকতে পারে।
