আলো রাজনীতি ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপি। গতকাল বুধবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনলাপ ফাঁস হওয়ার বিষয় উঠে আসে। এই ফোনালাপকে ‘ইনোসেন্ট কথোপকথন’ বা ‘নির্দোষ ফোনালাপ’ বলে আইনমন্ত্রীর মন্তব্য এবং ফোনালাপ ফাঁস হওয়ার বিষয় তদন্তের বিষয়টি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভা মনে করে ফোনালাপটিকে ‘নির্দোষ ফোনলাপ’ বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যেহেতু আইনমন্ত্রী ফোনালাপটির সত্যতা স্বীকার করেছেন, সেহেতু এই ফোনালাপের বিষয়বস্তুগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা এবং ফোনালাপে আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিরপেক্ষ তদন্ত, জনগণের কাছে সত্য তুলে ধরা এবং জবাবদিহিতা অত্যন্ত জরুরি। মির্জা ফখরুল বলেন, তাদের ফোনালাপের বিষয়গুলো পর্যালোচনায় সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতার এবং হস্তক্ষেপের সুস্পষ্ট আভাস পাওয়া যায়।
সভা অবিলম্বে এই ফোনলাপ ফাঁস হওয়া বিষয়ে শুধু তদন্ত নয় ফোনলাপের বিষয়বস্তু সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করছে এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে অতীতে ফাঁস হওয়া সব ফোনালাপ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করছে। এদিকে সরকারের দুর্নীতি আর ভ্রান্ত নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ১৪ ফেব্রুয়ারির সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেলের দাম এবং গ্যাস ও পানির দাম ধাপে ধাপে বাড়ানোয় নিম্ন-বিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রমজীবী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেসব বিষয়ে আলোচনা হয়।
তিনি বলেন, সভা মনে করে অনির্বাচিত সরকারের চরম দুর্নীতি, অপব্যয় এবং অপরিকল্পিত ভ্রান্ত নীতির কারণেই এসব পণ্যের দাম বাড়ছে। বিশেষ করে জ¦ালানি খাতে কুইক রেন্টাল প্রজেক্টে বিনিয়োগে কোনো জবাবদিহি নেই, ঢাকা ওয়াসার সীমাহীন দুর্নীতি, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খানকে তিনবার চুক্তিভিত্তিক নিয়োগ, ব্যবস্থাপনা পরিচালকের মাসিক বেতন ৫ লাখ ১৬ হাজার টাকা, অব্যবস্থাপনার কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। ৩৮ দশমিক ৮ শতাংশ দাম বাড়িয়ে প্রতি ইউনিটে (এক হাজার লিটার) ২১ টাকা গৃহস্থালি এবং ৫৫ টাকা ব্যাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তাব করা হয়েছে। যা সাধারণ মানুষের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’।
উপরন্তু পানির মান অত্যন্ত নিচু হওয়ায় তা সেবন যোগ্যনয়। মির্জা ফখরুল বলেন, এ পরিপ্রেক্ষিতে পানির দাম বাড়ানো কোনোমতেই গ্রহণযোগ্য নয়। দেশে গ্যাস উৎপাদনের প্রতি গুরুত্ব না দিয়ে বিশেষ বিশেষ ব্যক্তিকে অনৈতিক মুনাফা পাইয়ে দেওয়ার জন্য এলপিজি গ্যাস আমদানি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে তেলের মূল্যবৃদ্ধি জনজীবনকে আর্থিক ক্ষতির সম্মুখীন করছে। পণ্য পরিবহন ব্যয় ও সাধারণ মানুষের যাতায়াত ব্যয় অস্বাভাবিক হারে বাড়ছে। একদিকে করোনার কারণে কর্মচ্যুতি, ব্যবসার ক্ষতি। অন্যদিকে পণ্যের দাম বাড়ায় নিম্ন-বিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে।
সভার পক্ষ থেকে অবিলম্বে পানি, গ্যাস, তেলের দাম কমিয়ে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এসময় বিএনপির বৃহত্তর ঐক্য প্রক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ার কাজ চলমান। কাজ চলছে, সময়মতো সব জানতে পারবেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে সরকার সিন্ডিকেট তৈরি করেছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গত ১৪ ফেব্রুয়ারির বিএনপির স্থায়ী কমিটির সভায় মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে সরকারি পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেট অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে, এ ধরনের সিন্ডিকেট বেশি ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশি শ্রমিকদের যেতে বাধ্য করে। আর শ্রমিকদের নিঃস্ব করার এ অমানবিক প্রক্রিয়াকে প্রশ্রয় দিচ্ছে সরকার।
সরকারই সিন্ডিকেট তৈরি করেছে। তিনি বলেন, বেকার যুবকেরা জমি, বাড়ি, স্ত্রী অথবা মায়ের অলংকার বিক্রি করে সরকারের এহেন হীন কর্মকাণ্ডে নিঃস্ব হয়ে হচ্ছে। সভা অবিলম্বে এসব সিন্ডিকেট ভেঙে প্রকৃত ব্যয়ে বিদেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়। বিডিআর সদর দপ্তর (বর্তমান বিজিবি) রাজধানীর পিলখানায় বিপথগামী জওয়ানদের হামলায় নিহত সদস্যদের স্মরণে বিভিন্ন বিএনপি কর্মসূচি পালন করবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সদস্যদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
২০০৯ সালে পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকা-ে নিহত সদস্যদের স্মরণে আলোচনা সভা ও বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
