আলো সা রা দে শ ডেস্ক: প্রায় এক যুগ আগে শাহীন হোসেন (৩০) নামের এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন।
নিহত শাহীন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের চরপাড়ার গ্রামের শাহেদ আলীর তিন ছেলে বাবু (৩৮), মোস্তফা (৩২) এবং আবু (৩৫)। সাজাপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৭ জুলাই রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মালঞ্চির রামানন্দপুরের কালভার্ট রোডে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে আসামিরা চাপাতি, টাংগি, লাঠি, লোহার রড, তলোয়ার দিয়ে কুপিয়ে ও পিটিয়ে শাহিনকে গুরুতর আহত করে।
এ সময় আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী মোছা. সীমা খাতুন ১০ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানির পর হত্যায় সরাসরি জড়িত থাকায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
