আলো সা রা দে শ ডেস্ক: বগুড়ার শেরপুরে বাসচাপায় সিএনজি অটোরিকশা চালকসহ ৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন হানিফ পরিবহনের চালক সাইফুল ইসলাম (৫৬)। গত সোমবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার একতা হোটেলের সামনে থেকে তাকে আটক করে র্যাব-১২ সদস্যরা।
আটক সাইফুল ইসলাম ঢাকার বেগুনবাড়ী এলাকার জানে আলমের ছেলে ও হানিফ পরিবহনের চালক। গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানান র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোকিরশাকে চাপা দেয় হানিফ পরিহবহনের একটি বাস।
এ সময় ওই বাসের চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে সিএনজি চালক বাবুল প্রামাণিকসহ ৫ জন মারা যান। এ ঘটনায় ২৭ জানুয়ারি নিহত সিএনজি চালকের ছেলে বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন।
পাশাপাশি র্যাবের কাছেও একটি লিখিত অভিযোগ দেন বাদী। অভিযোগ পেয়ে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত সোমবার রাতে সলঙ্গা থানার একতা হোটেলের সামনে থেকে হানিফের চালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
