রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় মহানগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান চলছে। প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্পটির আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ, সকল ওয়ার্ডে রাস্তা ড্রেন সহ নানা অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গত শনিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে নানাবিধ উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে উন্নয়ন কাজের মান দেখেন ও প্রকৌশলীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন মেয়র মহোদয়।
রাসিকের প্রকৌশলী বিভাগ জানিয়েছে, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন সহ ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এরমধ্যে নগরীর ৫ নং ওয়ার্ডে সাড়ে ১৩ কোটি টাকার উন্নয়ন কাজ করা হচ্ছে। এরমধ্যে ৬ কোটি ৮০ লাখ টাকার উন্নয়ন প্যাকেজের আওতায় মহিষবাথান ঈদগাহ থেকে হড়গ্রাম বাজার ও কারিতাস মোড় হতে রাজপাড়া মোড় পর্যন্ত ১.৩ কিলোমিটার গড়ে চার মিটার প্রশস্ত রাস্তার চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর রেন্টুর খড়ির আড়ত হতে বুলনপুর হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক হয়ে ঢালুর মোড় পর্যন্ত চলমান সাতশ মিটার ফোরলেন সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন সিটি মেয়র। ১৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ফোরলেন সড়কটি নির্মাণের আওতায় উভয়পাশে ফুটপাত, রাস্তার উভয় পাশে স্লাবসহ ড্রেন, ডিভাইডার নির্মাণ করা হচ্ছে। পরিদর্শনকালে রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার সহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি গোলাম সারোয়ার স্বপন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাচ্চু ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফিরোজ কবির মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
