আলো জা তী য় ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের মামলায় কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের মা আয়েশা আক্তার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। বিচারপতি মো. নজরুল ইসলাম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। গতকাল সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, গতকাল সোমবার আবেদনটি তালিকায় ছিল।
কিন্তু আবেদনকারীর পক্ষে নট দিস উইক (এ সপ্তাহে শুনানি নয়) নিয়েছেন। গত ২৫ জানুয়ারি আত্মসমর্পণের পর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গত ১৬ নভেম্বর আদালত জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। পলাতক থাকায় আয়েশা আক্তারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। গত বছর দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।
