রা জ শা হী র আ লোঃ – চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে শ্বাসরেধে হত্যার অভিযোগে শাহীন আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে পৌর এলাকার গুলবাদ নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীমা খাতুন সাথী (২৩) দিনাজপুররের পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার রেল কলোনির মৃত শহিদুল হকের মেয়ে। গ্রেপ্তার শাহীন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা শ্যামপুর গ্রামের বাবুল হকের ছেলে। স্থানীয়রা জানান, শাহীন ও তার স্ত্রী শামীমা খাতুন ও সাত মাস বয়সী মেয়েকে নিয়ে গুলবাদ নতুনপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
শাহীনের বাড়িওয়ালা সাইফুল ইসলাম জানান, গত তিনদিন আগে শাহীন আমার বাড়ি ভাড়া নেয়। গত রোববার রাত ১২টার দিকে শাহীন এসে আমাকে বলেন, চাচা আমি একটা অঘটন ঘঠিয়ে দিয়েছি পুলিশ ডাকেন।
পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ ডাকা হয়। শাহীনের ভাই আবু রাইহান বলেন, শাহীন সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন। দুই বছর আগে তার চাকরি চলে যায়।
তিনদিন আগে তারা নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে বাড়ি ভাড়া নিয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, শামীমা খাতুন সাথীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহীনকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে শামীমাকে হত্যা করেছে শাহীন।
