আলো জাতীয় ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার তাজনিমার খোলা জি/৩ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলো উখিয়ার এফসিএন ক্যাম্পের জি ব্লকের আমির হোসেনের ছেলে কেফায়েত উল্লাহ (৩৩)।
৮ এপিবিএনের উপঅধিনিয়ক মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) কামরান হোসেন বলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এফডিএমএন সদস্য কেফায়েত উল্লাহর ঘরে অভিযান চালিয়ে চালের ড্রাম থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে অস্ত্রসহ আসামি কেফায়েত উল্লাহকে আটক করে তাজনিমার খোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
