আলো ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা শাখা নদীর পানিতে ডুবে জোবায়ারা আকতার জিম (১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জিম উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের জাকারিয়া রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, দুপুরে নদীর পাড়ে শিশুকে রেখে কাপড় ধোয়ার জন্য মা নদীতে যায়।
এ সময় জিম হামাগুড়ি দিয়ে মায়ের অজান্তে নদীতে পড়ে যায়।
নদীর পাড়ে গোসল করতে আসা অন্যান্যরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। দহবন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল আলম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
