আলো ডেস্ক: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি গাইরা গ্রামে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, ছেলেটির বাবা আবদুল জলিল আকন্দ (৭৫) ধর্মীয় মাহফিল শুনে গত শনিবার রাত ১০টার দিকে বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
চিকিৎসার জন্য তাকে প্রথমে ফুলপুর পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।
অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত আলী (২৫) বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়েন। রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে গতকাল রোববার ভোরে মৃত ঘোষণা করেন। আব্দুল জলিলের ছেলে জুলমত আলী সিঙ্গাপুর থেকে ১৮ দিন আগে বাড়িতে আসেন। গত শনিবার দুপুরে তার বাবা জুলমতের বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন।
বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাইটকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাল মিয়া জানান, এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
