আলো ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় মেহেদি হাসান স্বপন (২৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে তাকে পিটিয়ে জখম করা হয়। পরে গতকাল শনিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মেহেদি হাসান রুটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের দবিবুর রহমানের ছেলে।
তিনি একজন ইলেক্ট্রিক মিস্ত্রি। স্থানীয়রা বলছেন, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার ফোনে কল দিয়ে পার্শ্ববর্তী বাজারে ডাকা হয়। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে বাজারের কাছে তালতলা ব্রিজের ওপর গেলে কয়েকজন লোক তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, নিহত স্বপন শুধু তার সামাজিক দলের লোকই না বরং একজন ভালো কর্মী।
এই হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে ফায়দা লুটতে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। শৈলকুপা থানার ওসি (অপারেশন) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী কায়সার টিপু দু’জনই স্বপনকে তাদের সমর্থক বলে দাবি করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
