রা জ শা হী র আ লোঃ – সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় সাথী বানু (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাথীর স্বামী আকরাম আলী (৪৫) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সাথী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার যোগীপুকুর গ্রামের শহিদুল হকের মেয়ে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাত ১০টার দিকে নওগাঁ শহরে অবস্থিত ছোট বোনের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী সাথী বানুকে নিয়ে সদর উপজেলার দুবলহাটি নিজ বাড়ি যাচ্ছিলেন আকরাম। এ সময় দুবলহাটি এলাকার যমুনি নামক স্থানে এলে তাদের ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত।
মোটরসাইকেল চলা অবস্থায় দুর্বৃত্তরা পেছন থেকে লাঠি দিয়ে তাদের মাথায় আঘাত করলে মোটরসাইকেল থেকে পড়ে যান স্বামী-স্ত্রী। এ সময় আকরামের মাথায় হেলমেট থাকায় তার কিছু না হলেও স্ত্রী সাথীর মাথায় গুরুতর জখম হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত অবস্থায় আকরামকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান।
ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা শহিদুল হক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। গৃহবধূর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
