আলো ডেস্ক: নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর অবস্থান থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিন নারী নেত্রীর ন্যাপে যোগদান উপলক্ষে এ কথা বলেন তিনি। ন্যাপ মহাসচিব বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে, তারা যেন সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে নারী নেতৃত্ব চললেও সার্বিকভাবে রাজনীতিতে নারীর অংশগ্রহণ সুখকর নয়। মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে নারীর অধিকার আছে রাজনীতিতে অংশগ্রহণের। ২০২১ সালেও এসে জীবন নিয়ে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নারীর জন্য এখনো সীমিত উল্লেখ করে ন্যাপ মহাসচিব বলেন, কোনো যোগ্য নারী এখনো চাইলেই তার মতামত প্রতিষ্ঠা করার সুযোগ পান না, বরং পরিবার থেকে, রাষ্ট্র থেকে তীব্র বাধার সম্মুখীন হন। এই বাধা অতিক্রম করে নারীকেই এগোতে হবে। তিনি আরও বলেন, একজন রাজনীতিবিদ সে নারী-পুরুষ যেই হোন না কেন, সাধারণ কেউ নন। তিনি সমাজের প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধি। তাকে অনুসরণ করেই সমাজ গড়ে উঠবে। জাঁতি গড়ে উঠবে। রাজনীতিবিদদের প্রতি জনগণের যেন শ্রদ্ধা তৈরি হয় সেই অনুশীলন করা জরুরি। মেধাবী নারীরা বেশি বেশি রাজনীতিতে প্রবেশ করলে দেশ পাল্টাবে। কারণ নারীর মানসিক গঠন পুরুষের চেয়ে অনেক বেশি শক্তপোক্ত প্রমাণিত। ন্যাপে যোগদান করা নারী নেত্রীরা হলেন- মিতা রহমান, আনোয়ারা বেগম ও লি রহমান। এসময় উপস্থিত ছিলেন- ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুঁইয়া, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মতিয়ারা চৌধুরী মিনু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আমজাদ হোসেন, মহানগর নেতা হাবিবুর রহমান প্রমুখ।
