আলো ডেস্ক: প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রোমের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এ সম্মেলন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, সংসদ সদস্য জাফর আলম ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালাম সম্মেলনে অংশ নেবেন। এদিকে আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তৃতীয় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশ নেবেন স্পিকার। এ সম্মেলনে আরও অংশ নেবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আদিবা আনজুম মিতা ও খোদেজা নাসরিন আক্তার হোসেন। স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উভয় সফরে তার সফরসঙ্গী হয়ে ঢাকা ছেড়েছেন। আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবেন স্পিকার।
