আলো ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশের হেফাজতে হিমাংশু রায় (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
এ ঘটনায় থানা কর্তৃপক্ষ যে বর্ণনা দিয়েছে তা অবিশ্বাস্য বলে মনে করছে সংগঠনটি। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু-তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
তারা জানায়, সংবাদসূত্রে জানা গেছে স্ত্রী সাবিত্রী রানীর (৩০) মৃত্যুর কারণে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া গ্রামের বাসিন্দা হিমাংশু রায়কে জিজ্ঞাসাবাদের থানায় নিয়ে যায় হাতীবান্ধা থানা পুলিশ।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় বিকেলে হিমাংশুর মৃত্যু হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের ফাঁকে হিমাংশুকে থানার নারী-শিশু হেল্পডেস্ক কক্ষে নিয়ে খাবার দেন কর্মকর্তারা।
এ সুযোগে সেখানে থাকা ওয়াই-ফাইয়ের তার পেঁচিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেন হিমাংশু। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিরণ্ময় বর্মণ জানান, হাসপাতালে আনার আগেই হিমাংশুর মৃত্যু হয়েছে।
আরও বলা হয়, এমএসএফ মনে করে, থানা কর্তৃপক্ষ এ ঘটনার যে বর্ণনা দিয়েছে তা বিশ্বাসযোগ্য নয়। বলা হচ্ছে হিমাংশু ওয়াই-ফাইয়ের তার গলায় পেঁচিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়েছেন।
এটা সর্বজনবিদিত হেল্পডেস্ক কক্ষে সবসময় লোকজন থাকে, সেখানে ওয়াই-ফাইয়ের তার সংগ্রহ ও গলায় পেঁচিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেওয়া একেবারেই অসম্ভব। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয়, যে সেই কক্ষে সেই সময় কেউ উপস্থিত ছিল না, তারপরেও থানা কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে তা কোনোমতেই বিশ্বাসযোগ্য নয়।
থানা হেফাজতে আটক ব্যক্তির মৃত্যু একটি অতীব গুরুত্বপূর্ণ ঘটনা। এমএসএফ থানা কর্তৃপক্ষ এ ঘটনার যে ব্যাখ্যা দিয়েছে প্রত্যাখ্যান করছে এবং পুলিশের হেফাজতে মৃত্যু যেভাবেই হোক না কেন লাশের সুষ্ঠু ময়নাতদন্ত করে তা প্রকাশ করার দাবি করছে।
সেই সঙ্গে দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। সংগঠনটি জানায়, ২০২১ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১১ জন মারা গেছেন।
একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ ও গুলিতে ৪৮ জন নিহত হয়েছেন।
