আলো ডেস্ক: ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণ বন্ধ এবং হল ও ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
গতকাল শনিবার মাদ্রাসার প্রশাসনিক অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্যাম্পাস খুলে দেওয়া ও প্রিন্সিপালের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসা প্রশাসন হল ছাড়তে একের পর এক নোটিশ দিচ্ছে। এতে সাধারণ শিক্ষার্থীরা বিব্রত হচ্ছে। এ ধরনের অনাকাক্সিক্ষত আচরণ বন্ধ করতে হবে।
আলিয়া মাদ্রাসার নিজস্ব জায়গায় অন্য কোনো প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করতে দেয়া হবে না। জানা যায়, রাজধানীর বখশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার একমাত্র ছাত্রাবাস আল্লামা কাশগরী (র.) হল। এই ছাত্রাবাস প্রাঙ্গণে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের ভবন করার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে হল বন্ধের ঘোষণা দেয়া হয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা ৫ দফা দাবি জানান।
দাবিগুলো হলো-
১. কোনো অবস্থাতে আবাসিক হল বন্ধ করা যাবে না।
২. শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করতে হবে।
৩. হল প্রাঙ্গণে অধিদপ্তর নির্মাণ করা যাবে না।
৪. সাধারণ শিক্ষার্থীদের উপর আরোপিত সকল প্রকার হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৫. শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন ধরনের বাণিজ্য করা চলবে না।
