আ লো স্পো র্ট স : ক্রাইস্টচার্চে বাংলাদেশও সমান সুবিধা পাবে: ডমিঙ্গো
নিউজিল্যান্ডের উইকেট এমনিতেই পেস বোলারদের স্বর্গরাজ্য। সেখানে ক্রাইস্টচার্চের উইকেট আরও একটু বেশিই পেস সহায়ক। এমন উইকেটে কিউই পেসাররা তাণ্ডব চালাবেন নিশ্চিত।
বাংলাদেশের পেসাররা কি সেটা পারবেন? প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মনে করছেন, বাংলাদেশও সমান সুবিধা পাবে। বাংলাদেশ সময় আজ রোববার ভোর ৪টায় ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
শেষ টেস্টের আগে গতকাল শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ডমিঙ্গো বলেছেন, ‘আমি এখনও পিচ দেখিনি। ডানেডিন, ওয়েলিংটন ও হ্যামিল্টনে গেলেও ক্রাইস্টচার্চে কোনও টেস্টের জন্য আমার আসাও হয়নি আগে।
এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। এটা আমাদেরও সুবিধা দেবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে।
আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের (নিউজিল্যান্ড) ঘায়েল করতে পারবো।’ ঘরের মাঠে বাংলাদেশের পেসাররা খুব বেশি বোলিংয়ের সুযোগ পান না।
ক্রাইস্টচার্চ টেস্টের আগে তাই ডমিঙ্গো কিছুটা আক্ষেপ করে বললেন, ‘আমাদের ভালো পেসার আছে। কিন্তু তারা এমন কন্ডিশনে বল করার সুযোগ খুব একটা পায় না। লম্বা স্পেলে বল করতে পারে না।
উপমহাদেশের কন্ডিশন তাদের পক্ষে থাকে না।’ প্রথম টেস্ট দারুণভাবে জিতে নিয়েছে বাংলাদেশ। মুমিনুল হকদের নিয়ে বিশ্বাস ছিল দক্ষিণ আফ্রিকান কোচের মনে, ‘সবাই এই ম্যাচে হারের ব্যাপারে তটস্থ ছিল। কারণ, ইতিহাস তাই বলে। আমি জানতাম তাদের জেতার সামর্থ্য আছে।
