রা জ শা হী র আ লোঃ – আবু হেনা মোস্তফা জামান
পুতুল নাটকের মধ্য দিয়ে রাজশাহীতে যক্ষ্মার ব্যাপারে শিশুদের সচেতন করছে ‘জলপুতুল’। স্বাস্থ্য অধিদফতরের ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি’র আওতায় পাইলট প্রকল্প হিসেবে রাজশাহীতে এ কার্যক্রম শুরু হয়েছে।
পুতুল নাটকের পাশাপাশি ঐতিহ্যবাহী গম্ভীরা গানও অনুষ্ঠিত হচ্ছে। টি-বাঁধে পুতুল নাটক প্রদর্শনের সময় দেখা যায়, নারী-পুরুষ ও শিশুরা অনেক উৎসাহ নিয়ে তা উপভোগ করছে। নাটকের সংলাপ করা হয়েছে রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা দিয়ে। ঢাকা থেকে আসা ১৫ জন এবং রাজশাহীর ১০ জনের একটি টিম এই সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানের প্রথমপর্বে শিশুদের নিয়ে থাকছে ২০ মিনিটের একটি কর্মশালা। তারপরই অনুষ্ঠিত হচ্ছে ২৫ মিনিটের পুতুল নাটক। এখানে থাকছে কফ পরীক্ষা এবং চিকিৎসা সেবা নেওয়ারও সুযোগ। শিশুদের যক্ষ্মা এবং বয়োঃসন্ধিকালীন বিভিন্ন রোগ-বালাই থেকে তাদের মুক্ত রাখাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। রাজশাহী টি-বাঁধে সচেতনতামূলক এ নাটক প্রদর্শনের সময় প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আসিফ চৌধুরী, প্রকল্প সমন্বয়ক শাহীন সাইদুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
১২ দিনে মোট ৩০টি স্থানে এই পুতুল নাটক প্রদর্শন করা হবে। এতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। পরিচালনা করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
গানের সুর আর ছন্দে জানানো হয়- শিশুরাও যক্ষ্মায় আক্রান্ত হয়। কিন্তু বিষয়টি অনেকেরই জানা নেই। তাই শিশুরা যক্ষ্মায় ভুগলেও বিষয়টি এখনো ভীষণভাবে উপেক্ষিত।
এজন্য শিশুদের মধ্যে এই রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। শিশুদের যক্ষ্মা পরীক্ষার বিষয়ে অভিভাবকদের উদ্বুদ্ধকরণ ও যক্ষ্মা রোগীকে চিকিৎসার আওতায় নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়গুলোতে আলোকপাত করা জরুরি।
