আলো ডেস্ক: নওগাঁর সাপাহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় দোলোয়ার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার দিঘীর হাট-নিতপুর আঞ্চলিক সড়কের মিরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দোলোয়ার হোসেন উপজেলার আলাদীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
আহতরা হলেন- কদমডাঙা গ্রামের বাসিন্দা আবদুল বারি (৩২) এবং ভ্যানের যাত্রী আলাদিপুর গ্রামের বাসিন্দা আবদুল মমিন (৩৫)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলে করে সাপাহার বাজারের উদ্দেশে রওনা দেয় দোলোয়ার হোসেন।
পথে মিরাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা একটি ব্যাটারিচালিত রিকশাভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় দোলোয়ার ও আবদুল বারিসহ ভ্যানে থাকা এক যাত্রী পাকা সড়কের ওপর ছিটকে পড়েন।
এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দেলোয়ারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
রাজশাহী যাওয়ার পথে দেলোয়ারের মৃত্যু হয়। বাকি দুজন সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি।
