রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন ।
এই তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগীর মৃত্যু হয়েছে।
এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন রাজশাহীর এবং একজন নাটোরের বাসিন্দা।
হাসপাতালের আইসিইউ এবং ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে।
এদিকে রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৪ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৫ জন। বর্তমানে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। এ এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৩ জন রোগী। বর্তমানে রামেকের করোনা ইউনিটে শয্যা সংখ্যা ১০৪টি।
গত মঙ্গলবার রামেক ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ।
