আলো ডেস্ক: ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক পৃথক বার্তায় খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে তারা অভিনন্দন জানান। টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এর আগে মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। এটি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের।
ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো কিউইরা। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেলো প্রথম পয়েন্টের দেখা।
স্পিকারের অভিনন্দন: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় স্পিকার বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ বিসিবি’র কর্মকর্তাদের অভিনন্দন জানান।
ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন: নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের অবিস্মরণীয় গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
পাশাপাশি বল হাতে ২১ ওভারে ৬ মেইডেনসহ ৪৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়ার নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
এক অভিনন্দনবার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের অনন্য ইতিহাস সৃষ্টি করেছে।
এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। তিনি আরও বলেন, নতুন বছরের শুরুতে বিশ্বের এক নম্বর টেস্ট দল নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতেই পরাজিত করা সত্যিই অভাবনীয়।
ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের ফসল এই বিজয়। আর তাই স্মরণীয় এ বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয়লাভ করার মধ্যে দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের অনবদ্য মাইলফলক স্পর্শ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
