আলো ডেস্ক: কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী এ আদেশ দেন।
এর আগে তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ মামলার বাকি পাঁচ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তবে তারা কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। গত ২২ ডিসেম্বর স্বামী ও সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযাগে চার জনের নাম উল্লেখ ও তিন জনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভিকটিম নারীর স্বামী।
মামলার আসামিরা হলেন শহরের বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম, মোহাম্মদ শফি ওরফে ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, মেহেদী হাসান বাবু ও জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।
মামলায় এখন পর্যন্ত মোট সাত জন গ্রেপ্তার হয়েছেন। প্রধান আসামি আশিককে গত ২৬ ডিসেম্বর মাদারীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে ঢাকার আদালতে হাজির করা হয়।
