রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন করে তৈরী করা নৌকার প্রার্থীর অতিরিক্ত নির্বাচনী কার্যালয় গুড়িয়ে দেয়ায় এই ঝাড়ু মিছিল করে উপজেলা মহিলা আওয়ামী লীগ। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের অপসারণ দাবি করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী ঝাড়ু মিছিল বের করে। মিছিল নিয়ে তারা ভবানীগঞ্জ বাজার প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে গিয়ে পথসভা করে।
পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, মরিয়ম বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন প্রমুখ।
মতিউর রহমান টুকু বলেন, কোন নোটিশ ছাড়াই মঙ্গলবার (২৮ ডিসম্বর) বেলা ১১ টার পর নির্বাচনী অফিস উচ্ছেদে নামে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান।
এ সময় বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের নির্বাচনী অফিস ভাংচুর করে উল্লাস প্রকাশ করে এবং নৌকা ভেঙ্গে পদদলিত করা হয়। আমরা এই ইউএনও দ্রুত অপসারণ চাই। নয়লে বৃহৎ আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে নরদাশ, গোবিন্দপাড়া, গোয়ালকান্দি ও বাসুপাড়াসহ বেশ কয়েকটি ইউনিয়নের নৌকার নির্বাচনী কার্যালয় গুড়িয়ে দেয়া হয়। সেই সাথে অফিসে থাকা নৌকার ব্যানার পোস্টার খুলে ফেলা হয়েছে। বিএনপির প্রার্থীকে সুবিধা দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
