আলো ডেস্ক: বান্দরবানের বাদুরের ঝর্ণা এলাকায় নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টায় আহনাফ আকিব (২২) এবাং সকাল ৯টায় তার বোন মারিয়াম আদনীনের (১৭) লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে ৪০ ফুট দূরে রোয়াংছড়ি উপজেলার তারাছা বাদুরের ঝর্ণা এলাকার সাংগু নদী থেকে আকিবের লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পরিবারের ১০ জন বান্দরবানের হোটেল দ্যা প্যারাডাইসে ওঠেন।
বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরিসহ বিভিন্ন স্পট ঘুরে বেড়ান। গত শুক্রবার রাতের বাসে তাদের নিজ বাড়িতে ফেরার কথা ছিল। গত শুক্রবার সকালে সাংগু নদীতে নৌকা ভ্রমণে বের হয়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা বাদুরের ঝর্ণা এলাকার সাংগু নদীতে মুছায়াত তানিম নদীতে গোসলে নামলে হঠাৎ নদীর মধ্যে তার পা মাটি থেকে সরে যায়।
তাকে উদ্ধারের জন্য বাকিরা নদীতে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলে নারায়ণগঞ্জের আমিনুল ইসলামের মেয়ে মারিয়া ইসলাম (১৯) ডুবে মারা যায়। নিখোঁজ হন নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও মেয়ে মারিয়াম আদনিন (১৭)।
বান্দরবান ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম জানান, সাংগু নদীতে নিখোঁজ থাকা দ্বিতীয় পর্যটক আকিবের লাশ দুপুর দেড়টায় উদ্ধার করা হয়। লাশটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
